ভাঙ্গায় আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে দু-দল গ্ৰামবাসির রক্তক্ষয়ী সংঘর্ষে আহত২০। বাড়িঘর ভাংচুর


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১০/০২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় সোমবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-দল গ্ৰামবাসির মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের চলা সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় তিনটি বাড়িঘর ভাংচুর হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে। আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে গুরুতর আহত জাহিদ ভুঁইয়াকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ রয়েছে। এরা এলাকায় ভূইয়া ও মাতুব্বর পক্ষ নামে পরিচিত। ভূইয়া পক্ষে বর্তমানে নেতৃত্ব দেন লুৎফর ভূইয়া ও মাতুব্বর পক্ষের নেতৃত্ব দেন মওলাদাত মাতুব্বর।
গত শনিবার রাত ৯টার দিকে ভুঁইয়া পক্ষের হান্নান ভূইয়ার ছেলে ইমন ভূইয়া (২২) কে ফোনে ডেকে নিয়ে মাতুব্বর পক্ষের কিশোররা মারধর করে। আহত অবস্থায় ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার সকালে মাতুব্বর পক্ষ ও ভুঁইয়া পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে তুজারপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।