বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী এলাকায় যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আমতলীর মানিকঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আমতলীর তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছালমা বেগম (৪০), বরগুনার তালতলী উপজেলার বগী এলাকার চাঁন মিয়া (৪৮), শানু মৃধা (৪০) এবং জসিম মৃধা (৪০) রয়েছে। এছাড়াও দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী ‘আল্লাহ ভরসা’ পরিবহনের একটি বাস আমতলীর মানিকঝুড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত হয় এবং আরো ৩ যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

