বগুড়া জেলা পরিষদের সদস্য হলেন সাংবাদিক রানা

বগুড়া অফিস: বগুড়া জেলা পরিষদের নন্দীগ্রাম ৬নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ৮১ জন ভোটারের মধ্যে ৮১ জনই ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন রানা এলএলবি (টিউবওয়েল) প্রতীকে ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১০টি ভোট নষ্ঠ হয়েছে বলে জানা গেছে। অপর প্রতিদন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম (হাতি) প্রতীকে কোন ভোটই পড়েনি।

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নির্বাচন চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার, সহকারি কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বি, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন শান্তি শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক নজরদারি করেন। এছাড়া নির্বাচনে প্রিজাইডিং অফিসার শফিউল আলম ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর নন্দীগ্রাম ৬নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। ফলে নন্দীগ্রাম ৬নং ওয়ার্ডের সাধারন সদস্য পদটি শূন্য হওয়ায় পূনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন রির্টানিং অফিসার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তফসিল ঘোষণা অনুযায়ি গত ২১ জুন বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনূুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন। জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আনোয়ার হোসেন রানা বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তজমিন ও সাপ্তাহিক তাজা খবর পত্রিকার সম্পাদক এবং নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক।