ফরিদপুর-৪ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৮/১/২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোশ নোটিশ (শোকজ) করা হয়েছে। জাতীয় সংসদীয় আসন-২১৪ এলাকার নির্বাচনী অনুসন্ধানী বিচারিক কমিটির সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিনের স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়। এছাড়া আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় এ সিভিল জজের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে ওই প্রার্থীকে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার(৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের। তিনি বলেন, নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে জামায়াতের প্রার্থীকে নোটিশটি করেছেন জাতীয় সংসদীয় আসন-২১৪ এলাকার নির্বাচনী অনুসন্ধানী কমিটি। বিষয়টি আমি সন্ধ্যায় অবগত হয়েছি।
নোটিশের শিরোনামে উল্লেখ করা হয়- গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে এই শোকজ করা হয়। এছাড়া আইনগত ব্যবস্থা কেন নেয়া হবে না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানোনীত প্রার্থী হিসাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। উক্ত গণসংযোগ ও প্রচারণার বিষয়ে একটি ভিডিও গত বুধবার (৭ জানুয়ারি) তারিখে আলোকিত ভাঙ্গা নামক ফেসবুক পেইজ পোস্ট হলে অত্র নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
আরও বলা হয়, উক্ত ভিডিও পর্যালোচনায় দেখা যায় যে, আপনি ও আপনার সমর্থকগন বুধবার উক্ত নির্বাচনী এলাকাভুক্ত ভাঙ্গা কোর্টপাড় এলাকায় নির্বাচনি প্রচারনা ও গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ০৩, ১৮, ২৬, ২৭, ২৮, ৩০৫ তৎস্পঠিতব্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১১খ) ৩) (ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, আমি এখনও নোটিশ হাতে পাইনি, শুধু শুনেছি। আমিতো কোনো মাইকে প্রচার বা গণসংযোগও করিনি, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের কোনো কর্মকান্ডও করি নাই। বিষয়টি নিয়ে আমি লিখিত ব্যাখ্যা দেব।