ফরিদপুরে পানিবন্দিদের নিকট খাবার পৌঁছে দিলেন জেলা প্রশাসক

ফরিদপুর প্রতিনিধি: চলমান বন্যায় পানিবন্দি পরিবারের দ্বারে দ্বারে খাবার সামগ্রী নিয়ে হাজির হলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

তিনি ২০ জুলাই, ২০২০ সোমবার বন্যার্ত ৫ শত পরিবারের মাঝে শুকনো খাবার, পানির ক্যান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সামগ্রী তুলে দেন। জেলার সদর উপজেলার নর্থ চ্যানাল ইউনিয়নের গোলডাঙ্গীর চর এলাকার পানিবন্দি জনগনের মাঝে এ সামগ্রী তুলে দেন।

এসময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। চলমান সময়ে প্রচুর পরিমাণে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। বন্যায় কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। পানিবন্দী সকল মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামের মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। সেই সরকারি সহযোগিতা অবশ্যই সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে। তিনি চলমান করোনা সঙ্কটে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে সকলকে অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুজ্জামান প্রমুখ।