ফরিদপুরে গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছোঁড়া গুলিতে ছোট ভাই নিহত


মোঃ রমজান সিকদার,
স্টাফ রিপোর্টার -২৫/০৩/২০২৬

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই ডা. গোলাম কবীরের (৭০) ছোড়া গুলিতে ছোট ভাই হুমায়ুন কবীর মিন্টু (৫৫) নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার চতুল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির মিন্টু ও অভিযুক্ত ডা. গোলাম কবির ওই গ্রামের মৃত ইছহাক মিয়ার সন্তান। ডা. গোলাম কবির আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,
বড় ভাই ডাক্তার গোলাম কবির বাড়ির পাশের বাগানের কিছু গাছ বিক্রি করেন। সকালে সেই গাছ কাটতে আসলে অন্য দুই ভাই আলমগীর কবির এবং মিন্টু বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডা. গোলাম কবীর বাড়িতে থেকে নিজের লাইসেন্সকৃত শর্ট গান নিয়ে আসলে হুমায়ুন কবির মিন্টু ভয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। কিছুক্ষণ পর বেরিয়ে আসলে তার বুকে গুলি করেন গোলাম কবির।
গুরুতর আহত অবস্থায় হুমায়ুন কবির মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী গোলাম কবিরকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।