স্টাফ রিপোর্টার : নবীন বিসিএস কর্মকর্তাদের মানবতার কল্যাণে কাজ করার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বুধবার (০৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ৩৮ তম বিসিএস এ ফরিদপুর জেলার সুপারিশ প্রাপ্তদের বাংলাদেশ সিভিল সার্ভিসে স্বাগতম ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, সবার আগে দেশ ও দেশের মানুষ। তাদের সেবাকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। কাউকে কষ্ট দেয়া উচিত হবে না। আইন প্রয়োগে সদা সতর্ক থাকতে হবে। অতুল সরকার আরো বলেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সচেষ্ট থাকতে হবে। সময়ের প্রতি লক্ষ্য রেখে নিজ দায়িত্ব সম্পাদন করতে হবে।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩৮ তম বিসিএস এ ফরিদপুর জেলার সুপারিশ প্রাপ্তদের এবারই প্রথম স্বাগতম ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ফরিদপুর জেলা হতে বিসিএস এ বিভিন্ন ক্যাডারে ৩৫ জন কর্মকর্তা হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আসলাম মোল্লা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা, সহকারি কমিশনার তিথি মিত্র, আশিক আহমেদ, তারেক হাসান, তানিয়া আক্তার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য অনুষ্ঠানে প্রত্যেক নবীন কর্মকর্তাকে ফুল ও বই দিয়ে বরণ করে নেয়া হয়।

