গুজবের বিরুদ্ধে ফরিদপুর জেলা প্রশাসকের হুশিয়ারী

ফরিদপুর অফিস: গুজবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ যেকোন ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তিনি। একই সাথে ফরিদপুরের সকল শান্তিপ্রিয় জনতাকে নিজ নিজ অবস্থান থেকে গুজব প্রতিহত করার আহবান জানান। গুজব সৃষ্টিকারীদের আইনের প্রতি সোপর্দ করার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি বুধবার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও টাস্কফোর্স কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক জনাব অতুল সরকার লবন নিয়ে গুজব ছড়ানো সম্পর্কে বলেন, একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থে এ ধরণের গুজব ছড়িয়েছে। আমরা অবগত হওয়ার সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, বাজারে কোন কোন দোকানে কাপড়ের প্রকৃত দামের চেয়েও ৪/৫ গুন বেশি দামে বিক্রি করা হয়, আবার কোন কোন হোটেলেও দাম বেশি নেয়া হয়। এছাড়া কিছু কফিশপে এক কাপ কফির দাম ৩০০/৪০০ টাকা পর্যন্ত বিক্রি করে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যায় অনিয়ম প্রতিরোধ করতে হবে। তবে কখনোই নিজেরা আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনকে অবগত করবেন। তিনি পেয়াজ সম্পর্কে বলেন, বর্তমানে পেয়াজের মূল্য কমে আসছে। বাংলাদেশ অচিরেই পেয়াজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হবে। আমদানী করতে হবে না।

জেলা প্রশাসক খাদ্য সংস্কৃতি সম্পর্কে সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, না খেয়ে থাকতে হবে না, আবার বেশিও খেতে হবে না। জনাব অতুল সরকার বলেন, গুজবে বিভ্রান্ত নয়, তথ্য থেকে পণ্য, কোন কিছুই যেন আমাদের বিভ্রান্ত করতে না পারে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।