মৌলভীবাজার প্রতিনিধি: নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ এমপিওভুক্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ করেন শিক্ষক-শিক্ষার্থী। উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ কমলগঞ্জের সর্বস্তরের জনসাধারণ। সোমবার (২৮) অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর রোডস্থ মহিলা কলেজের প্রধান ফটকের সম্মুখে কলেজ এমপিওভুক্ত করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোমিন তরফদার, ইসলামপুর ইউপির চেয়ারম্যান আব্দুর হান্নান, আদমপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, মণিপুরী থিয়েটারের নির্বাহী প্রধান সুভাশীস সিনহা, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন।সরকারী সকল নিয়ম নীতি অনুসরণ করেই কলেজটি ১৯ বছর যাবত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে, কিন্তু মহিলা কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী চা শ্রমিক, মনিপুরী, মুসলিম মণিপুরী খাসিয়া, গারো সহ নারী শিক্ষার্থীদের লেখাপড়া ও বিদ্যাপাঠে উৎসাহিত করার জন্য ২০০০ সালে কলেজটি স্হাপিত করা হয়।
২০০৩ সালে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক একাডেমিক স্বীকৃতি লাভ এবং ২০০৪ সালে কলেজটি জেলার মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসেবে কৃতিত্ব অর্জন। এছারাও শিক্ষার্থীরা জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে সাফল্যের সাথে সুনাম অর্জন করেছে। কিন্তু সম্প্রতি কমলগঞ্জে তিনটি(৩) শিক্ষা প্রতিষ্ঠানের নাম এমপিওভুক্ত তালিকায় আসলেও, আসেনি কমলগঞ্জের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজটি। যার পরিপ্রেক্ষিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন পুনঃবিবেচনা করে হলেও যাতে কলেজটি এমপিভুক্ত করা হয়। এজন্য স্থানীয় সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিকুল হক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক-শিক্ষার্থীরা। সকলেই আশা করেন কেবলমাত্র প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতায় কলেজটি এমপিওভুক্ত হতে পারে। তাইতো কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তথা কমলগঞ্জ বাসী তাকিয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রী দিকে।

