করোনায় আরও দুই জনের মৃত্যু: নতুন আক্রান্ত ২৫

ষ্টাফ রিপোর্টার: ফরিদপুর ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে মারা যান তারা।

এছাড়া নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোহসিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলা হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর শেখ (৭৬) ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের সরোয়ার খানের স্ত্রী মোসাম্মাদ লুৎফন খাতুন (৫০)। ২১শে জুন শনিবার ফরিদপুর মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রচুর শ্বাসকষ্ট বেড়ে গেলে দুজনেরই মঙ্গলবার রাতে মৃত্যু হয়।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলায় মোট ৩০৭ জন, সুস্থ হয়েছেন ৪০ জন, নমুনা সংগ্রহ করা হয়েছে ৯১৩ জনের এবং এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. মোহসিন উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান জানান, স্বাস্থ্যবিধি মেনেই যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর শেখের দাফনের ব্যবস্থা করা হবে।