সদরপুর থানা থেকে লুটের ১০ মাস পর শটগান উদ্ধার


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৫/০৫/২০২৫

গত বছরের ৫ আগস্ট ফরিদপুরের সদরপুর থানায় দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট হওয়ার প্রায় ১০ মাস পর একটি শটগান উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
শনিবার রাত ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,শনিবার উপজেলার সদর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের কাসেম সর্দারের ছেলে মো. রাতুল সর্দার (১৮) ও একই এলাকার ইউনুছ মাতুব্বরের ছেলে মো. আনিসুল হক (১৮) কে সদরপুর থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাদের দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের আটক ও অস্ত্র উদ্ধার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি নাজমুল হাসান আরো বলেন, গত ৫ আগষ্ট সদরপুর থানা থেকে পুলিশের লুট হওয়া আরো কয়েকটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি।
এই অস্ত্র যদি কোথাও কেউ ফেলে রেখে আমাদের ফোনে বা আমাদের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কেউ কল দিয়ে তথ্য দেয়, তাহলে তাকে পুরস্কৃত করা হবে।
মোঃ রমজান সিকদার