
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা ২৬/০৫/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা বাজারের মাহ্দি সুপারসপের কেক খেয়ে শিশু অসুস্থ হওয়ার অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জাহিদ হোসেন (৪৮) কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে অভিযোগের ভিত্তিতে দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় দোকানের মেয়াদোত্তীর্ণ বেশ কিছু কেক বিনষ্ট করা হয়। এ সময় অভিযোগকারীও উপস্থিত ছিলেন।
অভিযোগকারী ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার বাসিন্দা ইব্রাহিম মিয়া (৩৮) বলেন, রবিবার (২৫ মে ) দুপুরে আমি মাহ্দী সুপারসপ থেকে কেক কিনে বাসায় যাই। এরপর আমার ৫ বছর বয়সী মেয়ে কেক খায়। একটু পরে মেয়েটি বমি করে। চোখ উল্টে যায়। মেয়েকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরপর ভ্রাম্যমান আদালতে লিখিত অভিযোগ দেই।

