ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের পিছনে অপর বাসের ধাক্কায় নিহত-১, আহত-১০


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৫/০৯/২০২০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী লেনে বাসের পিছনে অপর একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ১ নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর ) বিকেলে হাইওয়ের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয় রাব্বি হোসেন (২৮)। সে পাথরঘাটা উপজেলার জালাল মিয়ার ছেলে।
স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে।
আহতদের মধ্যে এক মা ও তার সন্তানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ভাঙ্গা হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণপাড়া এলাকায় ঢাকাগামী বিকাশ পরিবহন নামের একটি বাসের পিছনে দ্রুতগামী হামিম পরিবহনের একটি বাস এসে ধাক্কা দেয়। এতে বাস দুটি সড়কের উপর দুমরে মুচড়ে যায়।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, আমরা খবর পেয়ে ভাঙ্গা হাসপাতাল থেকে রাব্বির লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছে। গাড়ি দুটিকে হাইওয়ে থেকে উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ ব্যাপারে আইনি কার্যক্রম চলমান রয়েছে।