ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা উপজেলা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার (অনলাইন সংস্করণ, বাংলা ও ইংরেজি) ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ইংরেজি পত্রিকা এশিয়ান এইজ এর উপজেলা প্রতিনিধি মো: আওলাদ হোসেন মুন্সি আর নেই।
তিনি ৬ অক্টোবর’২০১৯ রোববার দুপুর ১২ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হার্টের সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ১ পুত্র, ১ কন্যা, ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তাঁর অকাল মৃত্যুতে মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি ভাঙ্গা পাইলট স্কুল থেকে এসএসসি, সরকারি কেএম কলেজ থেকে এইচএসসি, বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন।
তিনি একাধারে ভাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, ঔষধ ব্যবসায়ি সমিতির সাংগঠনিক সম্পাদক এবং পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও ভাঙ্গার আলো সম্পাদক মো: গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: রমজান শিকদার, অনলাইন প্রেসক্লাব সভাপতি মনিরুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মো: ইসমাইল মুন্সি, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) ফরিদপুর জেলা কমিটির সভাপতি বেলাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবিদুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গার আলো’র বার্তা সম্পাদক এবং ফরিদপুর মেইল সম্পাদক মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা প্রমূখ।

