রাজশাহী মহানগরের সকল রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি:  মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করেছেন, বিভাগীয় এই সমাবেশে যেন নেতাকর্মীরা ঠিকভাবে সময় মতো এসে পৌঁছুতে না পারে সেজন্য ক্ষমতাসীনরা নানা বাধাবিপত্তির সৃষ্টি করছে। এমনকি হঠাৎ করে রাজশাহী মহানগর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বৃষ্টির কারণে সকাল থেকে ঢাকা-রাজশাহী রুটে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রেখেছে। মালিক-শ্রমিক পরিবহন ইউনিয়ন সূত্র জানিয়েছে, বৃষ্টির কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ করা হয়েছে। তবে এর আগে কখনও বৃষ্টির কারণ দেখিয়ে রাজশাহীতে এভাবে বাস চলাচল বন্ধ হয়নি।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এভাবে বাস চলাচল বন্ধ করে জনভোগান্তি করা অনুচিত। অনেকেই বিষয়টি প্রতিবাদ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে গতকাল শনিবার ২২ শর্তে নগর মাদরাসা মাঠের পূর্ব পাশে সড়কে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রোববার সকাল থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি নেতারা বলছেন, আজকের সমাবেশে লাখো নেতাকর্মীর ঢল নামার কথা। কিন্তু সকাল থেকে বাস চলাবন্ধ হওয়ায় সমাবেশে আগত হাজার হাজার মানুষ বাধাবিপত্তির মুখে পড়েছেন। ক্ষমতাসীনরা বিএনপির সমাবেশ পণ্ড করতেই এমন পদক্ষেপ নিয়েছে। বাস বন্ধ করে বিএনপি সমাবেশ ভণ্ডুল করা যাবে না, নেতাকর্মীদেরও আটকে রাখা যাবে না বলেও দাবি দলটির।

কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, যত বাধাই আসুক যেকোনও মূল্যে আজ রাজশাহীতে সমাবেশ সফল করা হবে। সমাবেশ থেকে আগামী আন্দোলনের দিকনির্দেশনা দেয়া হবে।