শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরে ‘ক্রস ফায়ারের’ ভয় দেখিয়ে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মাহাবুব খান ও কনস্টেবল সোহাগকে প্রত্যাহার করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারী’২০২১ শনিবার দুপুরে তাদের দুজনকে প্রত্যাহার করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারী’২০২১ বৃহ:স্পতিবার সকালে দুই পুলিশ সদস্যসহ শিবচরের সূর্যনগর এলাকার “টুম্পা টেলিকম অ্যান্ড মোবাইল কর্নার” এর স্বত্বাধিকারী টোকন মাতুব্বরকে অভিযুক্ত করে আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন সুজন শেখ নামের একজন মুদিদোকানী ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী।
মামলা দায়েরের খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত এএসআই মাহাবুব খান ও কনস্টেবল সোহাগ অজ্ঞাতনামা ৪/৫ জন সঙ্গীসহ মামলার বাদী সুজন শেখকে তাঁর বাড়িতে গিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে জোরপূর্বক আদায়কৃত চাঁদার ১ লাখ টাকা নগদ ফেরত দেন। এরপরই পুলিশের চাঁদাবাজির বিষয়টি জনসমক্ষে পরিস্কার হয়ে যায় এবং ব্যাপক আলোচনায় আসে। চাঁদার টাকা ফেরত প্রদানের সময় অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্য তাদের কৃতকর্মের জন্য বাদী সুজন শেখ সহ উপস্থিত সকলের নিকট ভূল স্বীকার করে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন।
শনিবার বেলা আড়াইটায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান গণমাধ্যমকে বলেন, ‘ভুক্তভোগী ওই যুবক (সুজন শেখ) আমাদের কাছে যদি সরাসরি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিতেন, তাহলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতাম। যেহেতু তিনি আদালতে মামলা করেছেন। আমরা আদালতের নির্দেশ মোতাবেক বিষয়টি নিয়ে কাজ করব।
এসময় তিনি আরও বলেন, আদালত ওই দুই পুলিশ সদস্যের চাঁদাবাজির বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আদালত আগামী ২৫ মার্চ’২০২১ রোজ বৃহ:স্পতিবার মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

