ভাঙ্গা থানা ঘেরাও করে উপজেলা আ.লীগের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার: ভাঙ্গা উপজেলায় ১ ঘণ্টা থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে রাখে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তারা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদে এবং ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করে।

রবিবার সকাল ৯ টা থেকেই বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ভাঙ্গা ঈদগাহ মাঠে এসে জড়ো হয়। পরে তারা থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন স্লোগান দেয়। পুলিশ অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে থানার মেইন গেট বন্ধ করে দেয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এ সময় সড়কের দুধারে শতাধিক যানবাহন আটকা পড়ে।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা নেওয়াসহ প্রশাসনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। ভাঙ্গা থানা পুলিশ আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা অবরোধ তুলে নিয়েছি।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কল) গাজী মো. রবিউল ইসলাম জানান, থানা উভয় পক্ষের মামলা নিয়েছে। আমরা তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।