ষ্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ-কে ছাড়াই যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড ও স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। উপজেলার কোর্টপাড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে বিজয় দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভাঙ্গা উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাতুব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার মাহবুব হোসেন মোতালেব, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, এমএ ওয়াদুদ মিয়া, গোলাম মস্তফা, ইমারত হোসেন, গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমূখ।
এসময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা, আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বাধীনতার স্বপক্ষের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ-কে স্বাধীনতা চেতনা বিরোধী, আ.লীগ বিদ্বেশী, রাজাকারের দোসর আখ্যা দিয়ে অবিলম্বে তার অপসারণ দাবী করেন। অন্যথ্যায় তার বিরুদ্ধে সকলকে সঙ্গে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
এবারের মহান বিজয় দিবস উদযাপনে অনুষ্ঠান সূচি’র মধ্যে ছিল সকাল ৯ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে মুক্তিযুদ্ধ, আ.লীগ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুস্প অর্পন, ১০ টায় র্যালী, ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত, স্থানীয় আ.লীগের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা প্রদান ও মধ্যহ্ন ভোজের আয়োজন।
উল্লেখ্য মুক্তিযুদ্ধের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আ.লীগ নেতা-কর্মীদের বাদ রেখে ভাঙ্গা উপজেলা প্রশাসন মহান বিজয় দিবস পৃথকভাবে উদযাপন করায় সাধারণ দেশপ্রেমিক ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষোভ প্রকাশ করেন।

