ভাঙ্গা পৌর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদীর ১ নাম্বার ব্রীজের নিকটে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল মোল্লার ছেলে মোঃ সৌরভ (২১) এবং রাকিব পৌরসভার কাপুড়িয়া সদরদীর মোঃ ইউসুফ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, দূর্ঘটনায় কবলিত মোটর সাইকেলটি দ্রুত গতিতে ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে মোটর সাইকেলটি পৌছলে অপর দিক থেকে আসা সাদা রঙ্গের একটি পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় ও মটর সাইকেল চালক সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এসময় পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, দুইজন মোটর সাইকেল আরোহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে মারা যায়। পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার কারনে আটক করা সম্ভব হয়নি।
তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

