ভাঙ্গায় যৌথবাহিনী অভিযানে ৮ দিন যাবৎ আটকে রাখা আদম ব্যবসায়ীকে উদ্ধার


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৩০/০৬/২০২৫
ভাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আট দিন যাবৎ আটকে রাখা আদম ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। রবিবার (২৯ জুন) দিবাগত গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে  যৌথবাহিনী অভিযান চালায়। এসময় গত ৮ দিন যাবৎ আটকে রাখা আদম ব্যবসায়ী জামাল উদ্দিনকে  উদ্ধার করে।  তার বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার বাগকুচি গ্রামে। আদম ব্যবসায়ীকে আটকে রাখার অভিযোগে ভাঙ্গার পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলাম (৩০)নামক আরো এক ব্যক্তিকে আটক  করেছে যৌথবাহিনী। পাশাপাশি আদম ব্যবসায়ী জামাল উদ্দিনকেও আটক দেখিয়ে সোমবার (৩০ জুন) ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। যৌথ বাহিনীর অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুর ক্যাম্পের ক্যাপ্টেন আজমাইন হোসেন।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, রবিবার দিনে জামাল উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ফরিদপুর যৌথবাহিনী ক্যাম্পে অভিযোগ করেন তার স্বামীকে আটদিন ধরে ভাঙ্গার পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলাম নামক এক ব্যক্তি অপহরণ করে আটকে রেখেছেন। এ অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান চালিয়ে জামালউদ্দিনকে উদ্ধার করে। 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলাম ও জামাল উদ্দিনকে আটক করে যৌথবাহিনী ভাঙ্গা থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটককৃত শফিকুল ইসলামের অভিযোগ, তাকে মালেশিয়া  পাঠানোর কথা বলে ৫ মাস আগে  জামাল উদ্দিন তার নিকট থেকে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় ।দীর্ঘদিন ধরে টাকা নিয়ে টালবাহানা করতে থাকে। এর কারনে টাকা আদায়ের লক্ষ্যে তাকে গ্ৰামের বাড়িতে আটকে রাখা হয়।