ভাঙ্গায় ছিনতাই হওয়া তেল ভর্তি ট্রাকসহ  দুই ডাকাত আটক


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-
০৩/০৬/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেস থেকে ছিনতাই হওয়া ৩৭ ব্যারেল সয়াবিন তেল ভর্তি একটি ট্রাকসহ  দুই ডাকাতকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২ জুন ) সকালে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে তেল ভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হল, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আদানীবাজার এলাকার জাকির হোসেনের পুত্র ডাকাত সর্দার জুয়েল হোসেন (৩০) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার  উলুকান্দি গ্রামের সাহাদাৎ হোসেনের পুত্র মোঃ সাব্বির আহম্মেদ (৩২)।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৩৭ ব্যারেল সয়াবিন তেলের বাজার মুল্য ১২ লাখ টাকা ও ট্রাকটির বাজার মূল্য অনুমান ৩৫ লাখ টাকা বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক  মোশারফ হোসেন জানান,  গত ২১ মে গভীর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম কলাতলা এলাকা থেকে একদল ছিনতাইকারী তেল ভর্তি একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় ভাঙ্গা থানায় গত ২২ মে একটি ডাকাতি মামলার রুজু করা হয়। মামলার সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় দুই ডাকাতকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মালামাল উদ্ধার সহ ট্রাকটি উদ্ধার করি।