ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রসহ নিহত-৫


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-০৪/০৬/২০২৫

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলা তলা এলাকায় বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
বুধবার সকাল (৪ মে) ৭ টায় মহাসড়কের বাবলা তলা নামক বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭০) ও তার ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও ভাঙ্গা পৌরসভার কুটিবাড়ি চরকান্দা গ্ৰামের ভাড়াটিয়া আহাদুল মুন্সি (৪৫) সে গোপালগঞ্জ জেলার আজিজ মুন্সির ছেলে।
নিহত ও আহতদের বেশীরভাগই গরুর ব্যবসায়ে জড়িত। তারা একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় চড়ে টেকেরহাট গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহতদের কাছ থেকে নগত সাত লাখ চল্লিশ হাজার টাকা উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল মোড়ল পরিবহনের একটি বাস। অপরদিকে ভাঙ্গা থেকে থ্রী হুইলার মাহিন্দ্রাটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। গাড়ি ‍দুটি বাবলা তলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রা দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা সকল যাত্রী সড়কের উপর ছিটকে পড়ে যায়। অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হন আরও পাঁচ জন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মারা যায় আরো একজন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের বলেন, গুরুতর আহত অবস্থায় পাঁচজন চিকিৎসা নিতে আসলে একজন মারা যায়। বাকী চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্ৰামের আব্দুর রসিদের ছেলে গিয়াসউদ্দিন (৫০), ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুকুরিয়া গ্ৰামের আলাউদ্দিন মিয়ার ছেলে খোকন মিয়া(৩০), ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্ৰামের সুলতান মোল্লার ছেলে জামাল মোল্লা (৪৫), ভাঙ্গা পৌরসদরের ছিলাধরচর গ্ৰামের জমির মোল্লার ছেলে শাহিদ মোল্লা (২৫)।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে মোড়ল পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, নিহতদের সবার পরিচয় শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। নিহতরা অনেকেই গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার টেকেরহাট বিশাল গরুর হাট বসে। তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিল। নিহতদের সাথে থাকা সাত লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে টাকা হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে আটকের জন্য কাজ করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সুপার শাহিন আলম।
ঘটনাস্থলে পরিদর্শন করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, জায়গাটি দুর্ঘটনা প্রবল এলাকা। প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।