ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোবাইলে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেবার অভিযোগে ৩ জন প্রতারককে আটক করেছে মাদারীপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ৩৩১টি সিমকার্ড, ২৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
মাদারীপুর র্যাব-৮ জানায়, উপজেলার রায়নগর এবং পাতরাইল গ্রামে পৃথক অভিযান চালিয়ে এসব প্রতারককে আটক করা হয়েছে। এরা হলো পাতরাইল গ্রামের রিয়াজ হোসেন (২৬), রায়নগর গ্রামের মো. মোস্তাফিজুর রহমান (২৭) ও মো. শফিকুল (২০) । এ সময় তাঁদের কাছ থেকে মরন নেশা ইয়াবা ট্যালেটও উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, প্রতারকরা মোবাইল ফোনে বিকাশের নাম করে অ্যাকাউন্ট বন্ধ, লটারি ও বোনাসের প্রলোভন দেখিয়ে মূলত: প্রতারণা করে আসছিল। তাঁরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। তিনি আরো বলেন, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।
গত রোববার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রায়নগরে আটক ২ জনের কাছ থেকে ৩৫০টি ইয়াবা ট্যাবলেট, ১টি ট্যাবলেট ফোন, ৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ১২০টি সিমকার্ড এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১০ হাজার ৭৫০ টাকা, পাতরাইলের রিয়াজের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২১১টি সিমকার্ড, ৫৫টি ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেনসিডিল এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
৩ জনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানায় মামলা করেছে।

