রাজবাড়ী প্রতিনিধি: নৌদুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে লঞ্চ এবং শুক্রবার দুপুর ২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিডটিসি কর্তৃপক্ষ।
জানা যায় ঘূর্ণিঝড় ফণী প্রবল শক্তি নিয়ে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অন্ধপ্রদেশ ও ওড়িশায় ভারী বর্ষণ শুরু হয়েছে। ভারতের উড়িষ্যা হয়ে বাংলাদেশের আঘাত হানবে ঘূর্ণিঝড় ফণী। অন্যান্য জেলায় আঘাত হানার পাশাপাশি রাজবাড়ীতে ও আঘাত হানবে ঘূর্ণিঝড় ফণী। তাই দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকার কারণে ঘাটে এখন প্রচুর গাড়ি আটকা পরে আছে বলে জানা গেছে। এতে করে জনগণের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
দৌলতদিয়া লঞ্চঘাটের টিআই আফতাফ হোসেন এ প্রতিবেদককে বলেন, ঘূর্ণিঝড় ফণীর কারণে বৃহস্পতিবার বিকেল ৪ টায় দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দৌলতদিয় ঘাট সহ-ব্যবস্থাপক রুহুল আমিন জানান, শুক্রবার দুপুর ২টা থেকে আমাদের ফেরি চলাচল বন্ধ আছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় ফণীর কারণে ফেরি চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকার কারণে ঘাটে অনেক গাড়ি আটকা পড়ে আছে বলে জানান।

