ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) জঙ্গি নির্মূলে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে দাবি করে বলেন, পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতার মধ্য দিয়ে দেশ থেকে আজ জঙ্গি নির্মূল করা সম্ভব হয়েছে। বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে কাজ করছে। মাদককে নির্মূল করতে তিনি দেশের সকলের সহযোগিতা কামনা করেন।
২৪ জুন’২০১৯ সোমবার সকালে ফরিদপুরের কমিউনিটি পুলিশিং আয়োজিত এক মাদক ও জঙ্গিবাদ নির্মূল বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মো. জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা প্রমুখ।
এ সময় আইজিপি মাদক ছেড়ে দিয়ে আলোর পথে আসা ৭০ জন মাদক ব্যবসায়িকে ভ্যান ও সেলাই মেশিন প্রদান করেন। এ ছাড়া আইজিপির আগমনে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ফরিদপুর পুলিশ লাইন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনের সভা স্থলে এসে শেষ হয়।

