ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: কেএম কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে ২ সাংবাদিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ২ সাংবাদিক হলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার সংবাদদাতা হাজী সাইফুল্লাহ শামিম ও দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম।
মঙ্গলবার সকাল সোয়া ১১টায় সরকারি কেএম কলেজে (এসএসসি পরীক্ষার কেন্দ্র) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে ছালমা তানজিয়া কেএম কলেজের এই কেন্দ্রে প্রবেশ করে ২ সাংবাদিককে পরীক্ষা হলের ভেতরে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চান। এ সময় তাদের কাছে পরিচয়পত্র এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও বিনা অনুমতিতে পরীক্ষা চলাকালে হল কক্ষে প্রবেশের দায়ে হাজী সাইফুল্লাহ শামিম ও রবিউল ইসলাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে সাজাপ্রাপ্ত ২ সাংবাদিককে থানা পুলিশে হস্তান্তর করাসহ উভয়কে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে এ ঘটনায় আটককৃত ২ সাংবাদিক নিজেদেরকে নির্দোষ দাবি করে বলেন, আমরা দীর্ঘ বছর অতি সুনামের সাথে সাংবাদিকতা পেশার সাথে জড়িত রয়েছি। সাংবাদিক হিসেবে আমাদের সুপরিচিতি রয়েছে। তা সত্ত্বেও আমরা ষড়যন্ত্রের শিকার।

