বগুড়া অফিস: বগুড়া জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বগুড়ার নন্দীগ্রামে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাধারন সদস্য পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা সিনিয়র জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোহাম্মদ সরওয়ার জাহানের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
সাধারন সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোহাম্মদ সরওয়ার জাহান জানান, জেলা পরিষদের নন্দীগ্রাম ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১ জন। এরমধ্যে পুরুষ ৬২ ও নারী ১৯ জন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৪ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ৭ জুন এবং আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

