ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ আর নেই। শনিবার দিবাগত রাত ১১.৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শেখ আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ফরিদপুর- ০৪ আসন (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) এর সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
তিনি এক শোক বার্তায় বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে শেখ মো. আব্দুল্লাহ একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি ১৯৬৬’র ছয় দফা আন্দোলন, ১৯৬৯’র গণঅভ্যুথান, ১৯৭০’র সাধারণ নির্বাচনসহ মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।
শোক বার্তায় তিনি আরও বলেন, শেখ আব্দুল্লাহর মতো একজন গুনী ও বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগসহ সমগ্র জাতীর অপূরণীয় ক্ষতি হলো। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতী তা শ্রদ্ধার সঙ্গে স্বরণ করবে।
শোকবার্তায় তিনি, মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

