চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রথম সাধারণ সম্পাদক এর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

আতিয়ূর রহমান একটি বিশ্বস্ত ও আস্থাভাজন মানুষের নাম। সদা সচেতন, প্রাণোচ্ছ্বল, পরোপকারী এই মানুষটি চুয়াডাঙ্গায় প্রেসক্লাব গঠনের জন্য ঘুরেছেন তৎকালীন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও এলাকার বিদগ্ধজনদের দ্বারে দ্বারে।

অবশেষে ১৯৬৬ সালের ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় চুয়াডাঙ্গা মহাকুমা প্রেসক্লাব। আজ যেটা চুয়াডাঙ্গা প্রেসক্লাব নামে পরিচিত। আতিয়ূর রহমান প্রেসক্লাবের প্রথম সাধারণ সম্পাদক।

আতিয়ূর ভাই এর এই উদ্যোগের সাথে ছিলেন, এ্যড. এ. কে. এম. মুসা, শহীদ সাংবাদিক মোহাম্মদ আলী, মোঃ মাহাতাব উদ্দিন সহ গুটিকয়েক উদ্যোমী মানুষ।

শুধু প্রেসক্লাব বা সাংবাদিক সমিতি গঠন নয় চুয়াডাঙ্গাতে সাংবাদিকতায় যুক্ত হতে অন্যান্যদের উদ্বুদ্ধ করেছিলেন তিনি। সেটা ১৯৫০ সালের দিকের কথা। বর্তমানে চুয়াডাঙ্গায় কর্মরত অধিকাংশ সাংবাদিক জানেন না আতিয়ূর ভাই, মুসা চাচা কিংবা শহীদ সাংবাদিক মোহাম্মদ আলীর নাম। এ ব্যার্থতা আমাদের। ব্যার্থতা আমরা যারা চুয়াডাঙ্গা সাংবাদিক সংগঠণগুলোতে নেতৃত্ব দিয়েছি বা দিচ্ছি তাদের।

আজীবন মানুষের মঙ্গলে নিবেদিত এই মানুষটি চুয়াডাঙ্গা ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি কলেজসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও উন্নয়নে অবদান রাখেন। তিনি দ্বীন-হীন, দরিদ্র, শোষিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। ধর্ম, জাত-পাত, দল-মত সবকিছুর উর্ধে উঠে যুবক থেকে শুরু করে দরিদ্র রিক্সা চালক, ধাঙ্গর প্রভৃতি সকলের পাশে দাাঁড়িয়েছেন নির্দ্বিধায়, নিঃসংকোচে।

আজ মহান এই মানুষটির মৃত্যু দিবস। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁর পরিবারের সকলের প্রতি রইলো সমবেদনা।

—-লেখিকা
মরিয়ম শেলী
article 19
ঢাকা।