রাজশাহী প্রতিনিধি: ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যখানে’সহ অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দেওয়া কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে রোববার (৬ জুলাই) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এন্ড্রু কিশোরের ছেলে ও মেয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তারা সেখান থেকে দেশে ফেরার চেষ্টা করছেন। ছেলে-মেয়ে দেশে ফিরলেই কিংবদন্তী এই সংগীতশিল্পীর শেষকৃত্যের সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্যান্সার আক্রান্ত এন্ড্রু কিশোরকে দেখাশোনার দায়িত্বে থাকা শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরিকল্পনা রয়েছে; তবে শিল্পীর ছেলে-মেয়ে আসলেই বিষয়টি চূড়ান্ত হবে। আপাতত তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
দেশে ফেরার পর এই প্লেব্যাক সম্রাট রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় থাকা তার বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় ছিলেন। তার ওই বাড়িটির একটি অংশেই রয়েছে ক্লিনিক। সেখানেই সেবা চলছিল এন্ড্রু কিশোরের।
রোববার (৫ জুলাই) থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই এন্ড্রু কিশোরের সুস্থতায় প্রাণ খুলে দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছিলেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু।
এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটনায় সোমবার (৬ জুলাই) দুপুরে বাড়িতে রেখেই তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। এদিন সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রায় ৯ মাস পর সিঙ্গাপুর থেকে গত ১১ জুন দেশে ফেরেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ২০ জুন থেকে তিনি রাজশাহীতে ছিলেন। তবে গুরুতর অসুস্থ ছিলেন। কারও সঙ্গে কথা বলতে পারছিলেন না তিনি।
১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’সিনেমার মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করেন এন্ড্রু কিশোর। এরপর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

