পদ্মায় নিখোঁজ বাল্কহেড শ্রমিকের লাশ ৬ দিনপর উদ্ধার


মুুস্তাফিজুর রহমান শিমুল,
চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি-৩০/১২/২০২৫
ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহি বাল্কহেড হতে পদ্মা নদীতে পরে গিয়ে নিখোঁজ হওয়া আরিফ শেখ(৪৫) এর মরদেহ ছয় দিন পর উদ্ধার করেছে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের কর্মীরা।মঙ্গলবার(৩০ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রাম সংলগ্ন পদ্মা নদীর পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফের ছোট ভাই আবু তালেব শেখ জানান, তার ভাই নিখোঁজ হওয়ার পর থেকে তারা ভাইয়ের সন্ধানে ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছিল। আজ সকালে ঘুমথেকে উঠে নদী পাড়ে গিয়ে ভাসমান অবস্থায় তার ভাইয়ের লাশ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের অবগত করার পাশাপাশি চরভদ্রাসন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আরিফের মরদেহটি উদ্ধার করেন।আরিফ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের বাসিন্দা মজিবর শেখের ছেলে।তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
ঘটনার পর থেকে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন ও সহকারী কমিশনার(ভূমি)যায়েদ হোছাইন ঘটনাস্থল পরিদর্ষনের পাশাপাশি উদ্ধারকারী টিমকে দিকনির্দেশনা প্রদান ও নিখোঁজ ব্যাক্তির পরিবারের সাথে যোগাযোগ করেছেন।
ফরিদপুর কোতয়ালী থানা সিএন্ডবি ঘাট নৌ-পুলিশের উপ পরিদর্শক মোঃআবুজার গিফারি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি।আমাদের নিকট মৃতের স্বজনেরা একটি আবেদন করেন। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর বাল্কহেড হতে বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসন উপজেলার টিলারচর গ্রামের ওই এলাকায় অসাবধানতাবশত পদ্মা নদীতে পড়ে যায় আরিফ। ঘটনার দিন হতে ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা গত কয়েকদিন পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি করে আরিফের কোন সন্ধান পায়নি। ছয়দিন পর লাশটি নদী ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা আজ লাশটি উদ্ধার করেন।