
রানা অর্নব
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা-৭/০১/২০২৫
ফরিদপুরের সদরপুরে ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল সরকারি সড়কের পাশ থেকে জোরপূর্বকভাবে প্রকাশ্যে গাছ চুরি করে নেওয়ার অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা মৃধা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ। রাতেই মোস্তফার বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন। আজ মঙ্গলবার সকালে তাকে ফরিদপুর কোর্ট হাজতে সোপর্দ করে থানা পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রুবানা তানজিনের নির্দেশে কর্তণকৃত গাছ জব্দ করে সদরপুর থানায় হেফাজতে নেয় পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, মোস্তফা মৃধার নেতৃত্বে সোমবার দুপুর থেকে ঢেউখালী ইউনিয়নের বালিয়াহাটি আঞ্চলিক সড়কের চরডুবাইল এলাকায় গাছ কাটা শুরু হয়। কোন প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন মোস্তফা মৃধা। এক দিনে গাছ কাটা হয়েছে ৪টা। এ ব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ ঘটনায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন কে ব্যবস্থা নিতে বলেন।
এলাকাবাসীর অভিযোগ, ঢেউখালী ইউনিয়নের সাবেক এই প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধা বিগত সময়ে পদ্মা-আড়িয়াল খা নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাসহ এলাকায় জোর জুলুমের অভিযোগ রয়েছে। মোস্তফার বিরুদ্ধে বালু মহলের মামলাও রয়েছে। এছাড়াও ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামী হিসাবে তার নাম রয়েছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, প্রথমে তাকে নিষেধ করা হয়েছিল। তিনি জোরপূর্বক ভাবে গাছ কেটেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

