ভাঙ্গা থানা পুলিশের সোর্স ও দালালদের দৌরাত্ব বৃদ্ধি

ষ্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-ফিতর-কে সামনে রেখে উপজেলার সর্বত্র থানা পুলিশের সোর্স ও দালালদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। এসব সোর্স ও দালালরা থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে ও ব্যবহার করে বিভিন্ন অপরাধীদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এতে মারাত্নকভাবে সুনাম ক্ষুন্ন হচ্ছে থানা পুলিশের।

জানা যায়, উপজেলার কালামৃধা ইউনিয়নের কয়েকজন সোর্স ও দালাল ঐ এলাকার অপরাধীদের নিয়ন্ত্রন করছে। তথাকথিত বিকাশ প্রতারক চক্র, জুয়াড়ী, মাদক বিক্রেতা ও সেবনকারিরা চলছে দালাল ও সোর্সদের পরামর্শে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসি জানান, অপরাধীরা সম্ভাব্য গ্রেফতার ও হয়রানি এড়াতে মাসিক মাসোয়ারা প্রদান করে দেদারছে চালিয়ে যাচ্ছে তাদের অপরাধ কর্ম।

ভাঙ্গা থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তারা প্রতিনিয়ত যোগাযোগ করছে এসব সোর্স ও দালালদের সাথে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আটক করছে অপরাধী ও নিরীহদের। নিয়মিত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে 34 বানিজ্য করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই টাকার মোটা একটি অংশ পাচ্ছে সোর্স ও দালাল চক্র।

ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায়, থানার গুটি কয়েক অসাধু পুলিশ কর্মকর্তাদেরকে এসব সোর্স ও দালাল চক্র কখনও মামা, কখনও ভাই অথবা দুলাভাই আবার কখনও খালু আবার কখনও বিয়াই সম্মোধন পূর্বক সম্পর্ককে আরও মজবুত করে অনৈতিক বানিজ্য চালিয়ে যাচ্ছে। ওয়েলকাম বা বিকাশ প্রতারক ও মাদক বিক্রেতা চক্রের সাথে রয়েছে এদের নিবীড় সম্পর্ক। ফলে অপরাধীরা নিয়ন্ত্রনহীনভাবে চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। আর সুনাম ক্ষুন্ন হচ্ছে ভাঙ্গা থানা পুলিশের। বাড়ছে অপরাধ।

এ বিষয়ে পুলিশের সুনাম রক্ষার্থে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু ও কার্যকরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।