
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২১/০৭/২০২৬
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনজুর হোসেনের বাড়িতে চুরি হয়েছে। পুলিশ চুরি যাওয়া মালামাল সহ তিন চোরকে আটক করেছে।
জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে সংসদ সদস্যর বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল দুইটি এসি, একটি ওভেন ও একটি পানির মটর চুরি করে নিয়ে যায়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, সাবেক সংসদ সদস্যর বাড়ির চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথেজড়িত তিন চোরকে মালামালসহ আটক করা হয়। তারা হলো , আলফাডাঙ্গা সদরের কুসুমদী গ্রামের হাফিজুর মোল্যার ছেলে আলাউদ্দিন, একই গ্রামের কামাল শিকদারের ছেলে লিজন শিকদার ও তাহের মুন্সীর ছেলে ইউসুফ মুন্সী।
তাদের সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পানাইল গ্রামে সাবেক সংসদ সদস্য মনজুর হোসেনের বাড়ি থেকে শনিবার গভীর রাতে চোরেরা বাড়ির ছাদের চিলেকোঠার দরজা কেটে ঘরের মধ্যে প্রবেশ করে দুটি এসি, একটি ওভেন ও একটি পানির মটর চুরি করে নিয়ে যায় । সংসদ সদস্যর পরিবারের সদস্যরা তখন ঢাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় পরদিন বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ শেখ বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আলফাডাঙ্গা থানায় লিখিতঅভিযোগ দায়ের করেন। এরপর চোর সনাক্ত ও মালামাল উদ্ধার করতে মাঠে নামে পুলিশ।

