ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে কালিপদ ভৌমিক (৬৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল তিন টায় পৌরসভার চন্ডিদাসদী গ্রামে তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যু হল।

উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত কালিপদ ভৌমিক (৬৫) পৌরসভার চন্ডিদাসদী গ্রামের প্রয়াত রমেক চন্দ্র ভৌমিকের ছেলে।

ডা. মোহসিন আরও জানান, গত ১৪ জুন শনিবার কালিপদ করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করা হলে পরের দিন রবিবার করোনার ফলাফল পজেটিভ আসে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ি তার বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ হটাৎ দুপুরে খাবার শেষে প্রচুর জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। স্বাস্থ্য বিধি মেনে মৃতের সৎকারের কাজ করা হবে।