ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো: নুরুল সুজন বলেন, পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু করবে এবং ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে মাওয়া হয়ে যশোর পর্যন্ত রেল চলবে।
তিনি ২৪ সেপ্টেম্বর’২০২০ বৃহস্পতিবার নির্ধারিত সময়ের অনেক পরে দুপুর দুইটার দিকে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ পরিদর্শনে ভাঙ্গা উপজেলার বামনকান্দা স্থানে প্রস্তাবিত রেলওয়ে জংশনের সামনের মহাসড়কে এসে সাংবাদিকদের এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু করবে এবং পরবর্তীতে তা ঢাকা-মাওয়া-ভাঙ্গা-যশোর পর্যন্ত চলবে।
এসময় রেলপথ উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. সালেহ্ আহমেদ, মো. বেনজীর আহমেদ, মো. মেহেদী হাসান, রেলপথ উন্নয়ন প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও চীনা ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
উল্লখ্য রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন পদ্মা সেতু রেল সংযোগ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন এবং পুনর্বাসন সুবিধার চেক বিতরণের লক্ষে একই দিনে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল এবং যশোর জেলা সফর করেন।

