ভাঙ্গায় ঢাকা ফেরত ব্যবসায়িসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুুরের ভাঙ্গায় ঢাকা ফেরত ২ জন ব্যবসায়িসহ নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাদের করোনা রেজাল্ট পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত হয়েছেন মোট ১০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাসপাতাল সূত্র মতে, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে পৌরসভা ৬ নং ওয়ার্ড ছিলাধরচর গ্রামের গার্মেন্টস ব্যবসায়ি ১ জন এবং ঢাকা ফেরত ব্যবসায়ি উপজেলার জান্দি গ্রামে ১ জন ও গোয়ালদী গ্রামে ১ জন।

ডা. মোহসিন আরও জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করে আসছি। ফরিদপুর করোনা পিসিআর ল্যাব থেকে আসা ফলাফলে নতুন করে ৩ জন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এই উপজেলায় মোট ২৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১২০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে করোনা নেগেটিভ ১১০ ও পজেটিভ ১০ জন। হাসপাতালের একজন নার্সসহ মোট ৩ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। ভাঙ্গা উপজেলায় করোনায় এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলেও তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুর রহমান খাঁন জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়ী ও আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।