ভাঙ্গায় ইমাম মুয়াজ্জিন ও প্রতিবন্ধিদের মাঝে আমেরিকান প্রবাসীর অর্থ বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ইমাম মুয়াজ্জিন ও প্রতিবন্ধিদের মাঝে আমেরিকান প্রবাসীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় প্রেসক্লাব কার্যালয়ে এই নগদ অর্থ প্রদান করা হয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ভাঙ্গা সরকারি কেএম কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি সাখাওয়াত হোসেন বিশ্বাস এর পক্ষ হতে নগদ অর্থ তুলে দেন তারই বড় ভাই ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক মো. গোলাম কিবরিয়া বিশ্বাস।

তিনি এসময় বলেন, করোনা ভাইরাসের কারনে বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় দিন পার করছে তখন ভাঙ্গা পৌরসভার শতাধিক ইমাম, মোয়াজ্জিন ও প্রতিবন্ধিদের কথা বিবেচনা করেই তাদের জন্য এই সামান্য ঈদ উপহার দেয়া হলো। তবে বিশ্বাস পরিবারের পক্ষ হতে এই ধরনের উপহার প্রদান চলমান থাকবে।

এ ব্যাপারে আমেরিকান প্রবাসী সাখাওয়াত হোসেন বিশ্বাস মুঠোফোনে বলেন, আমার পিতা আলহাজ্ব মো. মহিউদ্দিন বিশ্বাস যিনি তার সারা জীবন কাটিয়েছেন মসজিদ ও মাদ্রাসার খেদমত করে। তিনি ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং জামে মসজিদ ও বিভিন্ন মাদ্রাসার উন্নয়ন মুলক কর্মকান্ড সহ বিভিন্ন মসজিদের পাশে সব সময় কাজ করেছেন।

উল্লেখ্য ভাঙ্গা পৌরসভার ইমাম, মোয়াজ্জিন ও প্রতিবন্ধি সহ অসহায় দরিদ্রদের মাঝে এর আগেও চাউল ডাউল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষে এবার তাদেরই  হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হলো।