ষ্টাফ রিপোর্টার: ৮ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মবার্ষিকী আজ। ১৮৬১ সালের ৭ই মে মোতাবেক ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের কোলকাতার ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়া ভানুসিংহ ঠাকুর খ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
তার সাহিত্য প্রতিভা লিখে শেষ করা সম্ভব নয়। বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ নেই। তিনি একদিকে ছিলেন অগ্রণী বাঙ্গালি কবি, উপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। কি বলা যায় না তাকে।
রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি বলে ভূষিত করা হয়।রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ৫২টি কবিতার বই, ৩৮টি নাটক, ১৩টি পূর্ণাঙ্গ উপন্যাস ও প্রবন্ধ ৩৬টি। পরে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরে প্রকাশিত হওয়া সর্বমোট ছোট গল্পের সংখ্যা ৯৫টি, গানের সংখ্যা ১৯১৫টি যা পরবর্তীতে গল্পগুচ্ছ ও গীতবিতান নামে সংকলন করা হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সকল প্রকাশিত ও অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় চিঠিপত্র ১৯ খণ্ডে চিঠিপত্র ৪টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে । তিনি প্রায় ২ হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্য বাংলায় ও ইংরেজিতে অনুবাদের জন্য তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি”…. এর রচয়িতা। ১৯৪১ সালের ৭ই আগষ্ট মোতাবেক ১৩৪৮ বঙ্গাব্দের ২২এ শ্রাবন ৮০ বছর বয়সে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরলোক গমন হয়।

