ভাঙ্গায় ৫ গ্রামবাসীর দেশীয় অস্ত্র সমর্পণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসী তাদের ব্যবহারকৃত বিপুল পরিমান দেশীয় অস্ত্র স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে।

গত বুধবার বিকালে ও বৃহ:স্পতিবার সকালে দুটি দল পৃথকভাবে অস্ত্রগুলি জমা দেয়। গ্রামগুলি হচ্ছে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা, মুজরীকান্দা, বিবিরকান্দা, রাজেশ্বরদী ও খারদিয়া।

ঐ পাঁচ গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হতো। অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হয়। স্থানীয় প্রশাসনের আহব্বানে গ্রামবাসী সাড়া দেয় এবং প্রশাসনের নিকট আর সংঘর্ষে জড়াবে না মর্মে অঙ্গীকার করেনন।

বিবাদে জড়িয়ে পড়া একটি পক্ষের নেতৃত্ব দেন ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিরু খলিফা, জব্বার মাস্টার এবং বুলবুল মাতুব্বর। অন্য পক্ষের নেতৃত্ব দেন বসার হাওলাদার, হান্নান হাওলাদার, জুলহাস মেম্বার, বাদল মুন্সী, মুনসুর মুন্সী ও আব্দুল কাদের।

উল্লেখ্য গত ১৫ ও ১৬ এপ্রিল পরপর দু’দিন এ দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছিলেন। সংঘর্ষে পক্ষ ও বিপক্ষের অনেক ঘরবাড়ী ভাংচুর ও লুটপাট করা হয়েছিল। ওই সকল ঘটনায় থানায় দু’পক্ষের একাধিক মামলাও হয়েছিল।

ঘারুয়া ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় প্রশাসনের নিকট জমাদানকৃত দেশীয় অস্ত্রগুলির মধ্যে রয়েছে ঢাল, সড়কি, কাতরা, টেঁটা, বল্লম ইত্যাদি।

ঘারুয়া ইউপি পরিষদের চেয়ারম্যান মো: সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে দেশীয় অস্ত্র জমাদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন।

  1. এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিষ্টার সজিব আহমেদ, থানার ওসি সৈয়দ লুৎফর রহমান, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিসহ শত শত উৎসুক জনতা উপস্থিত ছিলেন।