সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সালথায় লকডাউনকে ইস্যু করে জনৈক একজন আলেমকে আটকের খবর রটিয়ে দূর্বৃত্তদের পরিকল্পিত তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। তিনি গত শুক্রবার দুপুরে পরিদর্শনে এসে তান্ডবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন দপ্তর, ভূমি অফিস, চেয়ারম্যানের বাসভবন, ইউএনও’র বাসভবন, থানা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, এখন কোনো বক্তব্য নয়, তান্ডবকারিদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাওয়া প্রয়োজন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. সুমিনুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, ওসি মো. আশিকুজ্জামান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার রাতের তান্ডবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পুলিশ ৫৮৮ রাউন্ড শট গানের গুলি, ৩২ রাউন্ড গ্যাস, ২২টি সাউন্ড গ্রেনেড এবং ৭৫ রাউন্ড রাইফেলের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তান্ডবে থানায় মোট পাঁচটি মামলা রুজু করাসহ চার হাজার জনকে আসামি করা হয়েছে।

