ফরিদপুরের ভাঙ্গায় ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গায় ইতালি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় দূর্বত্তরা। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত আট টার দিকে পৌর সদরের নওপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে এই হত্যাকান্ডটি ঘটে।

নিহতের নাম মো: মাসুদ মিয়া (৪০)। সে পৌর সদরের গজারিয়া গ্রামের মো: হারুন অর রশিদ মিয়ার ছেলে। সে তার পরিবার নিয়ে গত কয়েক বছর যাবৎ ইতালিতে বসবাস করে আসছেন। ভাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে তিনি কয়েকদিন আগে গ্রামের বাড়িতে আসেন। আগামী ২০ এপ্রিল তার ইতালি ফেরার কথা ছিল।

জানা যায়, মঙ্গলবার রাতে মাসুদ মিয়া ১ম তারাবীর নামাজ আদায়ের জন্য নওপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে আসেন। এ সময় তার প্রতিপক্ষ লোকজন ঘিরে ফেলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত মাসুদকে স্থানীয় কয়েকজন উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: বলে ঘোষণা করেন।

এদিকে মাসুদের মৃত্যুর সংবাদে গজারিয়া গ্রামসহ আশেপাশে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাঙ্গা হাসপাতাল থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে ঐ এলাকায় এর আগেও কয়েক বার দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সংঘর্ষ নিয়ে ভাঙ্গা থানায় একাধিক মামলাও হয়েছিলো।

মাসুদ মিয়ার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তাঁর স্ত্রী ও সন্তানরা ইতালীতে বসবাস করছে। মাসুদ এলাকার বিবাদমান দুটি পক্ষের মধ্যে আপোষ মিমাংসার চেষ্টা করে আসছিলো। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এদিকে নির্মমভাবে কুপিয়ে মাসুদকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে হাসপাতাল থেকে ইতালি প্রবাসীর মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছিল।