ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর ভাঙ্গা উপজেলায় মায়ের সাথে অভিমান করে শিমা আক্তার (১৭) নামের আরও এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেছে। রবিবার রাতে পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একদিন আগে একই উপজেলার পুর্ব সদরদী গ্রামে মায়ের সাথে অভিমান করে ফারজানা আক্তার (১৬) নামের আরও একজন স্কুলছাত্রীর আত্নহত্যার ঘটনা ঘটেছে।
নিহত শিমা আক্তার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের চুন্নু সরদারের মেয়ে ও এ বছর ফরিদপুর সজ্জানিসা মহিলা মাদ্রাসায় হিসাব বিজ্ঞানে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, বিকালে শিমা তার খালার বাড়ি সুয়াদী গ্রামে বেড়াতে যাবে বলে মায়ের কাছে বায়না ধরে। তার মা তাকে নিষেধ করে জানায় তোর বিয়ে আগামী কুরবানী ঈদে ঠিকঠাক হয়েছে এখন কোথাও যাওয়া যাবে না। এ নিয়ে রাগারাগীর একপর্যায়ে মায়ের সাথে অভিমান করে তার শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্ত ছাড়াই আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

