ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় টিভি দেখা নিয়ে মায়ের সাথে অভিমান করে ফারজানা আক্তার (১৬) নামে এক তরুনী আত্নহত্যা করেছে। শনিবার রাতে পুর্ব সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা চুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদী গ্রামের খন্দকার মোখলেছুর রহমানের মেয়ে ও পুর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সুত্র মতে, সন্ধ্যায় ফারজানা ও তার ভাই তারেক একসাথে টিভি দেখছিল। এ সময় টিভি দেখাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে এই নিয়ে তাদের মা দুইজনকেই রাগারাগি করেন। একপর্যায়ে ফারজানা অভিমান করে তার শোবার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই অবিভাবকদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

