নাসিমার মরদেহ এখন ফরিদপুর মর্গে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: উপজেলার বহুল আলোচিত কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের সালাম শেখের মেয়ে নাসিমা আক্তারের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ না থাকায় তার মরদেহটি মঙ্গলবার সকালে ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়। নাসিমা আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘীরপাড়ের মহসীন মাতুব্বরের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নাসিমা তার স্বামীর পরিবার নিয়ে ঢাকার খিলক্ষেতে বসবাস করতো। গত রোববার নাছিমা রাতের খাবার খেয়ে স্বামী ও সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে নাসিমা অসুস্থ্য হলে পরিবারের সদস্যরা তাকে খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানায়, আসার আগেই তার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় তার মরদেহটি ঢাকা থেকে শ্বশুর বাড়ীতে আনা হয়।

জানা যায়, নাসিমার পিতা-মাতা ভারতে থাকায় ও দ্রুত মরদেহটি দাফনের সিদ্ধান্ত নেওয়ায় এলাকাবাসীর মধ্যে রহস্যের গুঞ্জন সৃষ্টি হয়। এ খবর ছড়িয়ে পড়লে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের পরিবারের কাছে মৃত্যুর কারণ জানতে চাইলে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। পরে হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ও এলাকাবাসী তার মৃত্যুর বিষয়ে সন্দেহ প্রকাশ করায় রাতেই মরদেহটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানা পুলিশ জানায়, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে, পরিবারটির পক্ষ থেকে এমনটি দাবী করলেও মৃত্যুর বিষয়ে নানান সন্দেহ থাকায় ও উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়।

বর্তমানে নাসিমার মৃত্যুর বিষয়টি ঢাকার খিলক্ষেত ও ভাঙ্গা থানা পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।