ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগে কোন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ি ও চাঁদাবাজের স্থান নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ। তিনি বলেন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজির সাথে জড়িত সে যেই হোক সে যুবলীগ করতে পারবে না। এমন কেউ যদি যুবলীগে থাকে আমরা সাথে সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কার করব। রাজনীতিতে যে বেশী শ্রম দিবে তাকেই মূল্যায়ন করা হবে। শুক্রবার বিকেলে চাঁদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ এসব কথা বলেন।
বর্তমান সরকারের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার সারা দেশের ন্যায় ফরিদপুরে যে উন্নয়ন করেছে তা কল্পনাতীত। ফরিদপুরের উন্নয়নের রুপকার এল জি আর ডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আমাদের জন্য আশীর্বাদ। তিনি আছেন বিধায় ফরিদপুরের এতো উন্নয়ন সম্ভ্যব হয়েছে। এই সভা থেকে আমি পুনরায় অঙ্গীকার করছি যুবলীগ বিগত দিনের মত আগামী নির্বাচনে মোশাররফ ভাইয়ের জন্য জীবন বাজী রেখে নির্বাচনে বিজয়ী করতে রাতদিন পরিশ্রম করবো।
চাঁদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট স্বপন কুমার পাল, সিরাজুস সালেকীন টগর, কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান সামসুন্নাহার মহিদ, ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, শহর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী মোঃ হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
কর্মী সম্মেলনের শুরুতে চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুল হান্নান খানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

