পূর্ব সদরদীতে যাত্রীবাহী বাস খাদে: নিহত ২: আহত ১৫

পৌর প্রতিনিধি- ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুর্ব সদরদী বাসষ্টান্ডে শনিবার সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক অজ্ঞাত (৪৫) ও হেলপার (৪০) মারা যায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী গুরুত্বর আহত হয়। তাদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা সিভিল ডিফেন্স ও হাই-ওয়ে থানা পুলিশ ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাফুজার রহমান জানান, বরিশাল থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা তুহিন পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-০০৯৯) দুর্ঘটনাস্থলে আসলে বাসটির সামনের চাকা ফেটে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে বেশ কয়েকটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে চলে যায়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

গুরুত্বর আহতরা হলো, নুরুল আমিন (৫৫), রফিকুল ইসলাম (৩৫), সোহান শরীফ (৪৫), ছোটন সর্দার (২০), ইভা কীর্তনীয়া (২৩), মালা কীর্তনীয়া (২৫), বীথী রানী (৪০), জহিরুল ইসলাম (৫০), মনির ব্যাপারী (৩০), রেজেক হোসেন (৪০), তনু শরীফ (৫০), বনানী সরকার (৩৫)। নিহত ও অধিকাংশ আহতদের বাড়ী রাজশাহী বিভাগের নবাবগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়াতপুর ও পটুয়াখালী জেলায়।