ফরিদপুরে শ্রীকৃষ্ণের ৫২৪৬ তম জন্মাষ্টমি পালিত

ফরিদপুর প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬ তম শুভ আবির্ভাব তিথি উদযাপন করেছে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে অনলাইনে নিজ নিজ অবস্থানে থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গত মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে সীমিত আকারে স্ব-স্ব অবস্থান থেকে জুম ক্লাউডের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক জেলার মন্দির সমূহে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়। এদিকে সন্ধ্যা ৬টায় শহরের গোয়ালচামট সিংপাড়াস্থ নন্দালয়ে কেক কেটে আলোচনা সভা ও আয়োজনের মূল পর্বের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। অনুষ্ঠানের সভাপতি সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রী দীপক রায়, মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ বন্ধু ব্রহ্মচারীসহ আরো অনেকে।