
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৩/০৭/২০২৬
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার মা তানিয়া তাহমিনা রিনা (৪৫), মেজ ছেলে তাজবিক (১৭) এবং ছোট মেয়ে সাদাফ (১৫) নিহত হয়েছে। এঘটনায় অপর সন্তান নাবিল ও রিনার স্বামী শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রিয়াদ থেকে নিজস্ব গাড়িতে করে তিন ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন শফিকুল ইসলাম শফিক। গাড়ি তিনিই চালাচ্ছিলেন। তার পাশেই সামনের আসনে বসেছিলেন বড় ছেলে নাবিল। আর পেছনের আসনে পাশাপাশি বসেছিলেন মা তানিয়া তাহমিনা রিনা (৪৫), মেজ ছেলে তাজবিক (১৭) এবং ছোট মেয়ে সাদাফ (১৫)। রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার অতিক্রমের পর তাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। পেছন থেকে কোনো ভারী যানবাহন তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। ফলে পেছনের সিটে বসা তিনজনই ঘটনাস্থলে মারা যান। গাড়ির সামনে থাকা বাবা ও বড় ছেলে গুরুতর আহত হয়।
নিহত রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার মেয়ে। প্রায় দুই দশক ধরে তিনি স্বামীর সঙ্গে রিয়াদে বসবাস করছিলেন। তার স্বামী সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদে কর্মরত।
রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ জানান, সম্ভবত পেছন থেকে কোনো বড় গাড়ি এসে তাদের বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। তাই পেছনের সিটে থাকা তিনজনই মারা যায়।
নিহতদের মরদেহ দেশে আনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের মা, মেয়ে, ছেলে নিহত। আহত স্বামী ও বড় সন্তান

