নও তুমি নেতা আলেন্দে নাসের গান্ধী চে লেনিন
নও তুমি নেতা ইয়াসির টিটো সুভাষ হো-চি মিন
নও তুমি ক্যাস্ট্রো নেলসন ম্যান্ডেলা টেংকু আব্দুর রহমান
তুমি তো নেতা বাঙালি জাতির – শেখ মুজিবুর রহমান।
নেতা তো এসেছে যুগে যুগে কত – এসেছে এই না ভবে
তোমার মতো সম্মোহনী নেতা – একজনও পাইনি তবে।
নাম ধরে কারো ডেকেছো যখনি – ভুলনি তো তার কথা
যতদিন পরেই হোক না দেখা – মনে পড়ে যেত তথা।
তোমার চোখে চোখ রেখে যদি – কেউ একবার চেত
মায়ার জাদুতে সেই যে তোমার – অনুসারী হয়ে যেত।
কী ছিল তোমার চাহনীর মাঝে – কিসে নিয়ে যেত টানি !
মায়ার টানেই নিয়ে যেত বুঝি – জনতার নেতা মানি।
ধন্য করেছো বাঙালি জাতিরে – জন্মেছো এই দেশে
স্বাধীনতা দিয়েছো মুক্তি দিয়েছো – সোনার বাংলাদেশে।

